ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ফলাফলের প্রেক্ষাপটে বিএসটিআই অনুমোদিত পাস্তুরিত দুধে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, ফরমালিন, ডিটারজেন, কলিফর্ম আছে কিনা তা পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন।

সংস্থা ৪ টি হলো, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), লাইভ স্টক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি।

আগামী ২৩ জুলাইয়ের মধ্যে ওই চার কর্তৃপক্ষকে আলাদা প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের প্রতিনিধির পাশাপাশি ওই চার কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে দুধের নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। সম্প্রতি অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে বাজারে থাকা দুধ পরীক্ষার এক প্রতিবেদন আদালতে দাখিলের পর এই আদেশ দেওয়া হয়।

আজ আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক এবং ব্যারিস্টার তানভির আহমেদ। বিএসটিআই’র পক্ষে ছিলেন ব্যারিস্টার সর্দার এম আর হাসান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফরিদুল ইসলাম।

এএস