খুলনায় ডোবা থেকে নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৫ দিন পর আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মহানগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পুলিশের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।
নিহত শিক্ষকের নাম কাজী তাসকিন হোসেন তয়ন (৩২)। তিনি মহানগরীর মজগুন্নী এলাকার কাজী তোতার ছেলে ও কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক।
এ ব্যাপারে খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, গত ২৮ আগস্ট থেকে তাসকিন নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা ডোবার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা শরীরে পচন ধরায় বোঝা যাচ্ছে না।





