রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। আজ (৪ নভেম্বর) রোববার সকাল ৮টার দিকে উপজেলার তারাপুর হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রজাশাহী মহানগরের বিমানবন্দর থানার বৈরাগিপাড়া এলাকার জেকের আলীর ছেলে ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম (২৬)।
এদের মধ্যে একজনের মরদেহ পুঠিয়ার বানেশ্বরে থাকা পবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ও অপরজনের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শবাগারে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি মালবোঝাই ট্রাক রাজশাহী থেকে নাটোর যাচ্ছিলো। ট্রাকটি রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুর নামক স্থানে এলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইমন আলী মারা যান। এসময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ জানান, আশঙ্কাজনক অবস্থায় সুজনকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতলের নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের শবাগারে রয়েছে। এছাড়া, ইমনের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। ঘাতক ট্রকটি চাপা দেওয়ার পর পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটকের জন্য চেষ্টা চলছে।
এই ঘটনায় মামলা হবে বলেও জানান পুঠিয়া থানার ওসি।
এমবি





