কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকালে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের ব্যাপারীহাট এলাকার পাতারী মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজন মিয়া (৩০), মোতালেব হোসেন (৩৫) এবং সোহেল রানা (৩৫)। নিহত সবার বাড়ি নাগেশ্বরী পৌর এলাকার মাসুল খামার গ্রামে।

জানা যায়, সকালে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেলে করে নাগেশ্বরী আসার পথে সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীহাট এলাকার পাতারী মসজিদ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সোহেল রানার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ওসি আফজালুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেড