ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নাম পড়েছে টর্চারসেল ।ওই ইউনিয়ন পরিষদের নাম শুনলে নিরিহ মানুষ আতংকগ্রস্থ হয়ে পড়ছে । নির্যাতিতরা বলছে যম ধরলে ছাড়ে, ওখানে গেলে রক্ষা নেই ।

সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে একজন নারী ও একজন পুরুষকে তিন ইউপি সদস্যের নেতৃত্বে যুবলীগের ইউনিয়ন তিন নেতাসহ একদল সন্ত্রাসী জোড় করে ধরে নিয়ে যায় ।পরে সেখানে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলালের উপস্থিতিতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় । গত ৭ মে রাতে এঘটনা ঘটে । তিন সন্তানের জননী শিউলি বেগম অভিযোগ করে বলেন, নারী ইউপি সদস্য মালেকা বেগম তাকে নগ্ন করে শারীরিক নির্যাতন করে । পুরুষ সদস্য ও সন্ত্রাসীরা তা’ দেখেন । চেয়ারম্যানের পায়ে পড়ি তবু রক্ষা পায়নি ।

রাত ৯টার পর ছাড়া পায় স্বামী পরিত্যক্তা ওই অসহায় নারী । পরদিন জখম অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয় শিউলি । একই দিন খোচাবাড়ী হাটের ব্যবসায়ী প্রমথ চন্দ্র রায় কে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে অমানবিক নির্যাতন করা হয় । প্রমথের অভিযোগে জানা যায়, তাকেও এক পর্যায়ে নগ্ন করে শারীরিক নির্যাতন করা হয় । শুধু তাই নয়- তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় ।ব্যবসায়ী প্রমথ বলেন, সন্ত্রাসীর তার দোকানের মালামাল, নগদটাকা ও একটি বাইসাইকেল লুট করে নিয়ে যায় ।এর কয়েকদিন আগে শনু রায় গেন্দা নামে এক সেলুন কর্মচারী কে পদদলিত করে নির্যাতন করে এই ইউপি চেয়ারম্যান । এই নির্দয় ঘটনার পর জগন্নাথ পুর ইউনিয়ন পরিষদের নাম পড়েছে টর্চারসেল।

বাংলাদেশ নারী পরিষদের জেলা সাধারন সম্পাদক নেতা সুচরিতা দেব বলেন, জাপান আগ্রাসনের সময় শত-শত দুধর্ষ লোক ধরে নিয়ে বন্দীশালায় আটকের পর নির্যাতন করে হত্যা করা হতো । কিন্তু শিউলিকে কেন ? অ্যাড. ইমরান হোসেন চৌধুরী এক মন্তব্যে বলেন, আধুনিক সমাজব্যবস্থায় এটা সহ্য করার মতো নয় । এই ইউনিয়নের খাগড়াবাড়ী গ্রামের আমিনা বেগম অভিযোগ,চেয়ারম্যান আলাল আওয়ামীলীগে যোগদানের পর এলাকায় শান্তি ওঠে গেছে । তিনি ও তার দলবল নিজের হাতে আইন তুলে নিয়েছে । ৬০বছর বয়সী নাজিমউদ্দিন বলেন উনি অ্যাহন আমাগোর প্রতিশোধ নিচেছন। জায়গা-জমি নিয়ে সমস্যা ।দুইপক্ষ কে নিয়ে না বসে এক পক্ষের কথা হুনছে।

ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলাল বলেন, সব ষড়যন্ত্র । তাকে সমাজে হেয় করতে কুৎসা রটানো হচেছ । এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, এ সব ঘটনা শুনেছি। শিউলি বেগম থানায় মামলা দিয়েছে। দুই জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে দেয়া হয়েছে।

টাইমনিউজবিডি.নেট/ পারভেজ/ মাহমুদ