রাজধানীর ডেমরায় ঝুমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুন) ডেমরা কোনাপাড়া বাঁশিরপুল এলাকার একটি বাসা থেকে ঝুমাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তার বোন। সেই বাসাতে তিনি এবং তার স্বামী খালেদ মাহমুদ থাকতেন। ঘটনার পর স্বামী পলাতক রয়েছেন।
ঝুমাকে উদ্ধারের পর প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেকের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তার বোন রুমা আক্তার জানান, সাতবছর আগে ঝুমার বিয়ে হয় খালেদ মাহমুদের সঙ্গে। তাদের এক মেয়ে আছে। বৃহস্পতিবার ঝুমার শ্বশুড়বাড়ি থেকে ফোন করে জানানো হয় সে অসুস্থ। এরপর তার বাড়িতে গিয়ে অচেতন পাওয়া যায়।
এ বিষয়ে রুমা আক্তার তার বোনের স্বামীকে (খালেদ মাহমুদ) সন্দেহ করছেন বলেও জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবুল মিয়া জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।
ওএফ





