গাইবান্ধা জেলার সদর উপজেলায় বাবা-মা হারানো মোসা. ইয়ারন মিনার বিয়ে যৌতুক ছাড়াই ধুমধাম করে সম্পন্ন হয়েছে। শহরের ভিএইড রোড কালীবাড়ি পাড়ায় বৃহস্পতিবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়। তবে নব দম্পতিদের সংসারের অনেক জিনিস অতিথিরা উপহার দেন।

ইয়ারন মিনার জেলা শহরের ব্রিজ রোডের দরিদ্র কৃষক প্রয়াত ইয়াজল মিয়ার মেয়ে। বর সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পালপাড়া গ্রামের ডিগ্রি পরীক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম।

গাইবান্ধার সমাজসেবক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মো. মাহবুবুল কাদির হিল্লোল ব্যক্তিগত উদ্যোগে এই বিয়ের আয়োজন করেন।

বিয়েতে তার আমন্ত্রণে প্রায় ৩০০ অতিথি অংশগ্রহণ করেন। অতিথিরা স্বতস্ফূর্তভাবে বর-কনেকে খাট, আলনা, টেবিল থেকে শুরু করে দামী দামী উপহার ও নগদ অর্থ প্রদান করেন।

আইনজীবী এ্যাডভোকেট মো. মাহবুবুল কাদির জানান, খাওয়া-দাওয়াসহ বিয়ের সমস্ত ব্যয় নিজে বহন করেছেন। এমনকি বর-কনে যাতে সুষ্ঠুভাবে বিয়ের পর তাদের সংসার করতে পারে সেজন্য তাদের এক লাখ টাকাও উপহার হিসেবে দেন।

জেডআই