জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামালপুর শহরের ফুলবাড়ীয়া এলাকার আলাউদ্দিনের ছেলে সুমন (২৮), দেওয়ানপাড়া এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে শাওন (২২) ও কলেজ রোড এলাকার জালাল উদ্দিনের ছেলে মুখলেছুর রহমান (২১)।

জামালপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ব্যবসায়ী কামরুল হাসান বাচ্চু ও তার বন্ধু রুবেলকে আটকের ভয় দেখিয়ে টাকা দাবি করছিল ওই তিন ভুয়া ডিবি পুলিশ। সংবাদ পেয়ে দুপুরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক ও নজরুল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তিন প্রতারককে আটক করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

কেএইচ