সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।শুক্রবার উপজেলার কোনাবাড়ি এলাকার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার কাহালু থানার উলত্ত গ্রামের আনিছার রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৫) ও একই থানার শিকড় গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এখলাস (৪২)। আহত ট্রাকের চালক বক্কর আলী (৩০) উলত্ত গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বেনু রায় আরটিভি অনলাইনকে জানান, কোনাবাড়ি এলাকার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের শহিদুল বুলবুল কলেজের সামনে একটি ট্রাক দাঁড়ানো ছিল।এসময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও এখলাস মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমআর