বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী ইন্তেকাল করেছেন। আজ রবিবার বাগ মাগরিব তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর সময় তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহমুদুল আমিন চৌধুরীর মৃত্যুর জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে বিচারপতি লতিফুর রহমানের অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মাহমুদুল আমিন চৌধুরীকে দেশের ১১তম প্রধান বিচারপতি নিয়োগ দেন। ২০০১ সালের ১ মার্চ তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করে ২০০২ সালের ১৭ জুন অবসর গ্রহণ করেন।
মাহমুদুল আমিন চৌধুরীর জন্ম ১৯৩৭ সালের ১৮ জুন। তার পিতার নাম আব্দুল গফুর চৌধুরী। যিনি ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মাহমুদুল আমিন চৌধুরীর সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে মেট্রিকুলেশন এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর ঢাকা সিটি ল’কলেজ হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
১৯৬৩ সালে আইনজীবি হিসেবে সিলেট জেলা বারে যোগ দেয়া মাহমুদুল চৌধুরী ১৯৮৭ সালের জানুয়ারিতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৯ সালে আপীল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। এরপর হন দেশের প্রধান বিচারপতি।
এএস





