আগামীকাল বুধবার থেকে রাজধানীর জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড এলাকায় হর্ন বাজালেই জরিমানা করা হবে। বললেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের সামনে ‘সচিবালয়ের চারপাশের রাস্তাকে হর্নমুক্ত এলাকা’ ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো. শাহাব উদ্দিন বলেন, মঙ্গলবার সচিবালয় এলাকাকে হর্ন মুক্ত ঘোষণার পাশাপাশি স্টিকার লাগানো, লিফলেট বিতরণ, মৌখিক অনুরোধসহ বিভিন্নভাবে চালকদের হর্ন বাজাতে নিষেধ করা হবে। তবে আগামীকাল বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজালে জরিমানা করা হবে।
মন্ত্রী বলেন, ঘোষণা বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। নীরব ঘাতক শব্দ দূষণ বন্ধে অবশেষে তৎপর সরকার। অযথা হর্ন বাজালে ১ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকার অর্থদণ্ডের বিধান রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এ। একই অপরাধ একাধিকবার করলে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা দেয়ার বিধান রয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে বেলুন উড়িয়ে নীরব ঘোষণা করা হলো রাজধানীর সচিবালয় এলাকাকে।
এ উপলক্ষে স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা।
দেরিতে হলেও শব্দ নিয়ন্ত্রণের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তবে শুধু সচিবালয় নয়, সারা দেশে এ আইন বাস্তবায়নের দাবি তাদের। ঘোষণায় সীমাবদ্ধ না থেকে আইন বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদ নগরবাসী।
এএস





