ফরিদপুরে স্বর্ণের দোকানে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ করেছেন মালিক পক্ষের লোকজন।
বুধবার রাতে শহরের নিলটুলী স্বর্ণকার পট্টির ‘দ্য নিউ মেঘনা জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘একটি মাইক্রোবাস ১০ থেকে ১৫ জন ডাকাতকে ওই দোকানের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এ সময় চারজন ডাকাত পিস্তল হাতে দোকানে ঢুকে দোকানের মালিক ও তিনজন কর্মচারীকে জিম্মি করে অংলঙ্কার লুটে নেন।’
দোকানের বাইরে আরও ৯ থেকে ১০ ডাকাত অবস্থান নেন। ডাকাতরা সবাই মুখোশ পরে এসেছিলেন। ডাকাতি শেষে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যান তারা। কমপক্ষে ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এ সময়।
খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
দোকান মালিক স্বপন কুমার জানান, ‘আনুমানিক ২০০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন ডাকাতরা।
সঠিক পরিবামন হিসেব না করে বলা যাবে না বলেও জানান তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দোকানের ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। আশা করি ফুটেজ সংগ্রহ করে দ্রুতই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।’
এমই





