শরীয়তপুর শহরে বোমা ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করা হয়েছে।
পালং মডেল থানার মাত্র ৫০ গজ দূরের সদর পোস্ট অফিসের পাশের প্রিয়া গিনি ঘর নামের স্বর্ণের দোকানে বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতি করে পালানোর সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়।
আটকরা হলেন-সদর উপজেলার আংগারিয়া বাগদি বাজারের রাকিব হাওলাদার (২০), পশ্চিম চরোসুন্দি গ্রামের কবির সরদার (২৭), সজিব মোল্যা (২০), নিজাম তালুকদার (৩২), স্বর্ণঘোষ গ্রামের দুলাল খান (৪৫) ও উত্তর ভাষাণচর গ্রামের আবু বকর সরদার (৩৫)।
প্রিয়া গিনি ঘরের মালিক মৃদুল রায় বলেন, রাত পৌনে ৮টার দিকে হঠাৎ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতরা। এ সময় লোকজন এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এই সুযোগে প্রিয়া গিনি স্বর্ণের দোকানে ঢুকে অস্ত্রের মুখে শো-কেস ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় আমার ছেলে শিমুলকে কুপিয়ে জখম করা হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালং মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ও শহরের লোকজন ঘটনাস্থলে গেলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। মাত্র ২০-২৫ মিনিটের মধ্যে শরীয়তপুর পুলিশ লাইনের কাছ থেকে ছয়ডাকাতকে লুণ্ঠিত মালামালসহ আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই পালং মডেল থানায় মামলা হয়েছে।
কেএইচ





