জামালপুরের বকশীগঞ্জে কালবৈশাখীতে গাছচাপা পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
মঙ্গলবার মধ্যরাতে জেলার বকশীগঞ্জ উপজেলা সদর, সাধুরপাড়া, কামালপুর ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া আধ ঘণ্টা স্থায়ী ওই কালবৈশাখীতে দুই শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত ও বহু গাছপালা উপড়ে পড়ে।
এ সময় ঘরে গাছচাপা পড়ে সদর উপজেলার পাখিমারা গ্রামের মোকছেদ আলীর মেয়ে নিঝুম বেগম (১৮) মারা যায়।
এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ ও ঘরচাপা পড়ে আহত হয় অন্তত ৩০ জন। গুরুতর আহত শাকিল (৫), জয়লা বেগ (৩৫), ফরহাদ আলী (৩৫) ও রফিকুল ইসলামকে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ে বৈদ্যুতিক খুঁটি লন্ডভন্ড হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্তদের জন্য নগদ দেড়লাখ টাকা ও ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
কেএইচ





