রাজধানীর দক্ষিণখানে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত কিশোরের নাম রানা মিয়া (১৪) বলে জানান গেছে। নিহত রানা ঐ এলাকার আমির হোসেনের ছেলে।

বুধবার দুপুর আড়াইটার দিকে ফায়দাবাদের মারারঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

আহতাবস্থায় রানাকে ফায়দাবাদের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

দক্ষিণখান থানার ওসি (তদন্ত) কায়কোবাদ কাজী জানান, ফায়দাবাদ মরারঘাট এলাকায় কে জুনিয়র কে সিনিয়র- এ নিয়ে তর্ক বাধলে স্থানীয় শাহীন-সাব্বির-রাসেলসহ কয়েকজন রানাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

কায়কোবাদ কাজী বলেছেন, হামলাকারী শাহীন, সাব্বির ও রাসেলকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত কিশোর রানার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআই/