উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষকসহ তিন কর্মকর্তা অপহরণের শিকার হয়েছেন।

রাঙামাটির লংগদু উপজেলা খারিকাটা এলাকায় থেকে বৃহস্পতিবার তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন অপহরণের বিষয়ে কোন সত্যতা নিশ্চিত করতে পারেনি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে জেলার লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা কাট্টলীর খাড়িকাটা নামক এলাকায় জোত বাগানের গাছের মার্কিং করতে যান বন বিভাগের তিন কর্মকর্তা।

সেখানে একদল দুর্বৃত্ত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা রবিউল হোসেন ও ফরেস্টার বিবর্তন চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তাদের মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করেছে দুর্বৃত্তরা।

অপহৃতদের মুক্তির ব্যাপারে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।

এদিকে বন বিভাগের তিন কর্মকর্তা অপহরণের বিষয় নিয়ে বন বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন সত্যতা স্বীকার করা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আবুল কালাম আজাদ জানান, তিনি খবরটি শোনার পর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও বন বিভাগ ঘটনার সত্যতা নিয়ে সঠিক খবর দিতে পারেনি। পরে লংগদু থানায় যোগাযোগ করা হলে সেখান থেকেও ঘটনার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

জেএ