‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরে তাপদাহে তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মিটানোর জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সবুজ ছায়া’ নামের একটি সংগঠন।
শহরের গড়পাড়া মোড়ে তৃষ্ণার্ত মানুষের মাঝে বৃহস্পতিবার দুপুরে বিনামূল্যে শরবত বিতরণ করেছে সংগঠনটি। এ সময় পথচারী, রিকশাচালক, শ্রমিক ও স্কুলছাত্রদের শরবত পান করতে দেখা যায়।
ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। স্কুলছাত্র শাওন জানান, গরমে তার গলা শুকিয়ে গিয়েছিল। ঠাণ্ডা শরবত পান করে মনে হচ্ছে শরীরে প্রাণ ফিরে এসেছে।
সবুজ ছায়ার আহ্বায়ক মঞ্জুরুল হাসান টুটুল জানান, গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। মানুষ হাঁসফাঁস করছে। তৃষ্ণার্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা বিনামূল্যে এই শরবত বিতরণ করছেন।
তিনি জানান, আগামী তিন দিন শহরের বিভিন্ন স্থানে এ শরবত বিতরণ করা হবে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, এদিন দুপুর ১২টার দিকে এ অঞ্চলে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও দুই-তিন দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
এএইচ





