রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার দুই আসামির জামিন আবেদন নাকচ করে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম এ আদেশ দেন।

একইসঙ্গে আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, দুপুরে কুনিও হোশি হত্যা মামলার দুই আসামি হুমায়ুন কবীর হীরা ও রাশেদ উন নবী খান বিপ্লবের পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। আদালত আবেদন নাকচ করেন।

এর আগে গত ১৯ অক্টোবর একই আদালত ওই দুই আসামির জামিন আবেদন নাকচ করেছিল বলেও জানান আইনজীবী জাহাঙ্গীর হোসেন

গত ৩ অক্টোবর রিকশায় করে খামারে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী কুনিও হোশি।

এ ঘটনার পর কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

এরপর হুমায়ুন কবীর হীরা ও রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ উন নবী খান বিপ্লবকে আটক করে পুলিশ। বিপ্লব ঢাকা মহানগর বিএনপি হাবীব উন নবী খান সোহেলের ছোট ভাই।

পরে কুনিও হত্যা মামলায় হীরা ও বিপ্লবকে আসামি দেখিয়ে ৫ অক্টোবর তাদের দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ১০ অক্টোবর রিমান্ড বাতিল করে বিপ্লবকে কারাগারে পাঠানো হয়। তবে রিমান্ডে ছিলেন হীরা।

এরপর তাকে কুনিও হত্যা মামলায় দুই দফায় ১৫ দিন এবং কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় ১০দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে ২৮ অক্টোবর সন্ধ্যার পর হীরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

রংপুর নগরীর মুন্সিপাড়ার জাকারিয়া বালার বাড়িতে ভাড়া থেকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি কয়েল ঘাসের খামার করেছিলেন কুনিও। হুমায়ুন কবীর হীরা কুনিওর ব্যবসায়িক সহযোগী স্থানীয় জাকারিয়া বালার শ্যালক।

এমআর