কক্সবাজার শহরের লিংকরোড ও টেকনাফের ইসলামাবাদ নতুন পল্লানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই লাখ দুই হাজার ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- নতুন পল্লানপাড়ার ছলিমুল্লাহর স্ত্রী সাবেকুন্নাহার (২৫) ও লিংকরোডের মৃত সৈয়দ আলমের ছেলে শাকের মিয়া (২৭), মোস্তাকের ছেলে হাছন (২০) এবং মৃত আবু তালেবের ছেলে আব্দুল জলিল (২৮)।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, সাবেকুন নাহারের বসত ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ছিল ইয়াবাগুলো। তার স্বীকারোক্তি মতে তল্লাশি করে উদ্ধার করা হয় ইয়াবা।
জিজ্ঞাসাবাদে তার স্বামী সলিমুল্লাহ ইয়াবার ব্যবসার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবার অনুমান মূল্য ১০ কোটি টাকা।
অন্যদিকে, পৃথক অভিযান চালিয়ে কক্সবাজার সদরের মেরিন সিটি কমপ্লেক্স এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
তারা হলো- মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার সৈয়দ আলমের ছেলে মোঃ শাকের মিয়া (২৭), বড়ছাড়া দরিয়া নগর এলাকার মোঃ মোস্তাকের ছেলে মোহাম্মদ হাসান (২০) এবং কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন এলাকার মৃত আবু তালেকের ছেলে মোঃ আব্দুল জলিল (২৮)।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব কক্সবাজার ক্যাম্পের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।
এ বিষয়ে শনিবার রাত সোয়া ৯ টার দিকে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন উইং কমান্ডার আজিম আহমেদ। তিনি তুলে ধরেন র্যাবের নিয়মিত অভিযানে ধারাবাহিক সফলতার কথা।
এএস





