চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডমারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙে স্থানীয়দের করা মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। গুলিতে অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ৭পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, এস আলম গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ১৪৪ধারা উপেক্ষা করে এলাকাবাসী মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়।
এসময় পুলিশ গুলি চালালে কয়েকজন গুলিবিদ্ধ হয়। তবে গুলিতে নিহতের বিষয়টি জানা নেই বলে দাবি করেন তিনি।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডমারায় ৬০০ একর জমি দখল করে এক হাজার ২২৪ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে এস আলম গ্রুপ।
এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন স্থানীয়রা। আন্দোলন ঠেকাতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
এমবি





