গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেফতার হওয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিজু আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের হাফিজার রহমানের ছেলে জ্বিনের বাদশা প্রতারক চক্রের সদস্য ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি তারাজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেন।
তাকে ছিনিয়ে নেওয়ার জন্য রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় অবরোধ করে তার পক্ষের লোকজন। এক পর্যায়ে তারা পুলিশের পিকআপ ও মহাসড়কে চলাচলকারী বেশ কিছু যাহনাবাহনে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের উপর হামলা চালায়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





