লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচরে সোহাগ নামের এক যুবককে হত্যার অভিযোগে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, নিহত সোহাগের স্ত্রী জান্নাত বেগম, শ্বশুর মোস্তফা ও শাশুড়ি মুর্শিদা বেগম।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, শ্বশুর বাড়িতে যুবককে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে নিহতের মা অহিদা বেগম মঙ্গলবার সকালে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

জানা যায়, এক বছর আগে লক্ষ্মীপুরের মোস্তফা মিয়ার মেয়ে জান্নাত বেগমের সাথে পৌর এলাকার সমসেরাবাদ গ্রামের আবদুর রহিমের ছেলে সোহাগের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরপক্ষের সঙ্গে সোহাগের বিরোধ চলে আসছিলো।

এর জের ধরে শ্বশুরপক্ষের লোকজন সোহাগকে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ