বগুড়ার শাজাহানপুরে মঙ্গলবার বিকাল ৩টার দিকে বালুবোঝাই ট্রাকের চাপায় রানা আহম্মেদ (৩০) নামে পল্লীবিদ্যুৎ সমিতির এক লাইনম্যান নিহত হয়েছেন। তিনি উপজেলার খরনা ইউনিয়নের শিয়ালচাপড় গ্রামের মনছের আলীর ছেলে ও বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান।

ওই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিমপাড়ার করম আলীর ছেলে সাগর আলী (৫০), আফিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫০), আব্দুল মান্নানের শিশু ছেলে রকি (৭), আব্দুল হাকিমের মেয়ে আয়েশা খাতুন (৬) ও ওসমান আলী (৬০)। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মান্নানু জানান, উপজেলার ডোমনপুকুর কারিগরপাড়া এলাকায় মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎকর্মীরা কাজ করছিলেন। সেখানে শিশুসহ স্থানীয়রাও উপস্থিত ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক (মৌলভীবাজার-০২-০০৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে বিদ্যুৎ সমিতির লাইনম্যান রানা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও এর চালক পালিয়ে যায়।

এর আগে, রোববার সকাল সোয়া ৮টায় একই সড়কের সাজাপুর আকন্দপাড়া এলাকায় মাটিবোঝাই একটি ট্রাকের চাপায় আশরাফুল আলম হৃদয় (১৪) নামে এক স্কুলছাত্র মারা যায়।

কেএইচ