২০১৪ সালের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের জন্য সংসদে আইন করার আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন শিকদার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে রবিবার দুপুরে লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
জামাল উদ্দিন বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, আদেশ-নির্দেশ, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৪ আগস্টের স্মারক, মুক্তিযোদ্ধা ঘোষণা ও মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে যে সকল অসঙ্গতি আছে তা নিরসন করতে হবে। এ জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব পেশ করব।
তিনি বলেন, কে মুক্তিযোদ্ধা আর কে না, এ নিয়ে বিতর্কের শেষ নেই। ১৯৭২ সালের ৭ আগস্ট ‘মুক্তিযোদ্ধা’ সজ্ঞায় যা আছে সে মত মুজিব বাহিনীর সদস্যরাও মুক্তিযোদ্ধা নন। এমনকি ১৯৭১ সালে কর্মরত সেনাবাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা নন।
লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাসানাত কাইয়্যুম, অধ্যক্ষ মো. কালাম হোসেন প্রমুখ।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





