বারডেম হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি ২ মামলায় শুনানি শেষে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার বেলা সাড়ে ৩ টায় ঢাকা মহানগর হাকিম মো. মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন বাদি হয়ে চিকিৎসায় অনিয়ম ও হুমকির প্রতিবাদে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বারডেম হাসপাতালের ৫ ডাক্তারকে আসামি করা হয়।
আসামিরা হলেন, ডা. আনোয়ার হোসেন,ডা. আজাদ,ডা. কল্যাণ বেদ,ডা. ফিরোজা আমীন ও  ডা. শামীমা আক্তার। এ মামলার আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক।
তাছাড়া সকালে বারডেম হাসপাতালে চিকিৎসকদের লাঞ্ছিত,হামলা ও ভাঙচুরের ঘটনায় সিনিয়র নিরাপত্তা সুপারভাইজার মানিক মোল্লা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলায় বিবাদী করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের এপিএস ইসহাক হোসেন বাবু,ফারহানা নাসরিন ও আবির হোসেনেসহ আরো অজ্ঞাত কয়েক জন।
জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম গত ১৩ এপ্রিল রাতে বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। এ ঘটনায় ওই রাতে হাসপাতালে অপ্রীতিকর ঘটনা ঘটে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]