মাদারীপুরে অজ্ঞাত পরিচয়ে দাফন করা লাশের পরিচয় নিশ্চিত হয়ে ১২ দিন পর সেটি উত্তোলন করেছে প্রশাসন।

মঙ্গলবার বিকালে মুন্না হাওলাদারের লাশ কবর থেকে উত্তোলনের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় নিহতের চার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- নিহতের বন্ধু আশিক, জামাল, নাহিদ ও ইমতি। তাদের চরমুগরিয়া ও হাউসদি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর সদর থানা সূত্র জানায়, গত ২২ আগস্ট শহরের বাগেরপাড় এলাকার মোক্তার হাওলাদারের ছেলে মুন্না (২২) নিখোঁজ হন। এর পর ২৫ আগস্ট সকালে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের গুচ্ছগ্রামের কুমার নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় না মিললে পরদিন পৌর কবরস্থানে লাশটি দাফন করা হয়। এর পর ওই লাশের ছবি মোবাইল ফোনে দেখে মুন্নার মা রোজিনা বেগম নিশ্চিত হন এটি মুন্নার লাশ। পরে এই ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মাদারীপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জিয়াউল মোর্শেদ বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভর উপস্থিতিতে লাশ উত্তোলনের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চরমুগরিয়া ও হাউসদি এলাকা থেকে নিহতের বন্ধু আশিক, জামাল, নাহিদ ও ইমতিকে গ্রেফতার করা হয়েছে। মুন্নার মোবাইলের কললিস্ট ধরে বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।

কেএইচ