চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আর প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে ‘কোভিড-১৯’ ভাইরাসটি। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৩১টি দেশে ছড়িয়ে পড়েছে।

প্রাণঘাতী এই ভাইরাস দেশে সংক্রমিত হওয়ার পরও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা না করায় সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ (১৫ মার্চ) রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এই নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “সরকারের ভেতরে বা তার ধারেকাছে থাকার সুবাধে কোটিপতি হওয়া ব্যক্তিদের অনেকের সন্তান পড়ে বিদেশে বা দেশের বিদেশি মানের স্কুলগুলোতে। ফুল অটোগাড়ি, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, স্কুলের পরিবেশ– সব মিলিয়ে তারা থাকে অনেক কম ঝুঁকিতে।

কিন্তু বাংলাদেশে আমজনতার বিপুলসংখ্যক সন্তান স্কুলে আসে গণপরিবহনে। স্কুলে থাকে না টয়লেট, হাত ধোয়ার পানি আর সাবানের সুব্যবস্থা। স্কুলের সামনে ফেরি করা খাবার থাকে উন্মুক্ত ও নোংরা। ফলে এদের করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।”

ঢাবির এই অধ্যাপক আরও বলেন, “সরকারের এসব না জানার কথা নয়। প্রশ্ন হচ্ছে– তা হলে এতকিছুর পরও কেন স্কুল বন্ধ দেয়া হচ্ছে না? আমাদের শিশুদের এবং তাদের পরিবারগুলোকে এমন ঝুঁকির মুখে ঠেলে দেয়ার অধিকার কে দিয়েছে এ সরকারকে?

কেউ কেউ কিন্তু এর সঙ্গে ১৭ মার্চ পালনের কোনো সম্পর্ক আছে কিনা এ নিয়ে সন্দেহ করছে। যদি সত্যি তা হয়, তা হলে এটি হবে বঙ্গবন্ধুরই জীবনাদর্শনের চূড়ান্ত অবমাননা।”

এমবি