নারায়ণগঞ্জের আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনার দিন ‘প্রকৃতপক্ষে কী ঘটেছিল তার প্রমাণ’ দিতে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন সংসদ সদস্য সেলিম ওসমান।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা। এর আগে গত ১৯ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করেন সেলিম ওসমান।
ওই দিন তিনি দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন। এ ব্যাপারে তথ্য-প্রমাণ আছে বলেও দাবি করেন সেলিম ওসমান।
প্রসঙ্গত, শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে ১৩ মে শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।
পরে তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা না পেয়ে সরকারি তদন্ত কমিটি গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করে। আর শ্যামল কান্তিকে তার স্বপদে বহাল করা হয়।
শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওএফ





