সুনামগঞ্জের দিরাইয়ে এক রিকশাচালককে মারপিট করার অপরাধে রুহুল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেন।
এ বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বরখাস্তকৃত পুলিশ সদস্যকে সুনামগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় দিরাই বাসস্ট্যান্ড এলাকায় দিরাই থানার পুলিশ কনস্টেবল রুহুল আমিন রিকশাচালক সাহিদ মিয়াকে শহরের দোওজ এলাকায় যেতে বলে। এ সময় রিকশাচালক সাহিদ যেতে রাজি না হওয়ায় কনস্টেবল রুহুল তার গলায় গামছা পেঁচিয়ে মাটিতে ফেলে বুকের মধ্যে লাথি মারে।
এতে রিকশাচালক সাহিদ অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে সিলেট এমএজি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় রিকশাচালকরা গতকাল রাতেই ওই পুলিশ সদস্যের বিচার চেয়ে শহরে বিক্ষোভ মিছিল করে।
এআই





