প্রথম ধাপে সাত শতাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩৫টি কেন্দ্র দখলের অভিযোগ করেছে বিরোধীদল জাতীয় পার্টি।

নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেয় জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

অভিযোগে বলা হয়েছে, কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট,কর্মীদেরকে মারধর করে ও অস্ত্রের মুখে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

সেখানে প্রতিপক্ষ প্রার্থীরা কেন্দ্র দখল করে নিয়েছে।

দখলকৃত ইউনিয়নের কেন্দ্রগুলো হলো- ফতেহাবাদ ইউনিয়নের চানপুর, সুলতানপুর, নুরপুর, কোটনা, ফতেহাবাদ প্রাইমারি স্কুল, খলিলপুর, আসানপুর ও বড়কান্দা।

ধামতি ইউনিয়নের হাজী আব্দুল মজিদ মক্তব ও দক্ষিণ খার সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজামেহের ইউনিয়নের মরিচা উচ্চ বিদ্যালয় ও বেতরা দক্ষিণ মাদ্রাসা।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্রে দখল মুক্ত করার জন্য তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী সাংবাদিকদের বলেন, ‘কমিশনকে জানালেও কোনো কাজ হবে না। কারণ তারা অসহায়। তাদের প্রতি আমাদের আস্থা নেই।’


এসএম