ঢাকা থেকে ট্রাকে রংপুরে বাড়ি যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়া দিনমজুর শাহ্ আলমের শরীরে করোনাভাইরাসের নমুনা পাওয়া গেছে।
শনিবার (০৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রংপুরের ধাপ মডার্ন মোড়ের শাহ্ আলমের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাব থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। পরে অধিকতর নিশ্চিত হতে তার শরীর থেকে সংগৃহীত নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে শনিবার রাতে পজিটিভ রিপোর্ট এসেছে।
এটিএম নুরুজ্জামান আরও জানান, পাঠানো রিপোর্ট অনুসারে দু’দিন আগে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন মৃত শিশু সিয়ামের (১৩) শরীরে করোনাভাইরাসের নমুনা পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে ঢাকা থেকে ট্রাকে রংপুরের বাড়ি ফিরছিলেন শাহ্ আলম। পথিমধ্যে অন্য যাত্রীরা তার শ্বাসকষ্ট ও কাশি টের পেয়ে চিৎকার করেন। ট্রাকটি ২৯ মার্চ ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাসস্ট্যান্ডে পৌঁছলে চালক ও হেলপার তাকে নামিয়ে দিয়ে চলে যান। সেখানে দীর্ঘক্ষণ পড়ে থাকার পর পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এমবি





