রাজশাহী মহানগরের হড়গ্রাম নতুনপাড়া এলাকায়এক গৃহবধূকে হাত-পা বেধে স্বামী ও শ্বশুর-শাশুড়ি অমানবিক শারীরিক নির্যাতন চালিয়েছে।নির্যাতিত গৃহবধূর নাম হুমায়রা জান্নাত (৩২)।

এতে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে তাকে রামেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

জানা যায়, তার স্বামীর নাম রবিউল ইসলাম। হুমায়রা জান্নাত নওগাঁর পোরশা থানার পশ্চিমবাড়ি গ্রামের এনারুল হকের মেয়ে। 

রামেক হাসপাতালে হুমায়রা জান্নাতের বাবা এনামুল জানান, গত দুই বছর ধরে তার জামাতা রবিউল ইসলাম যৌতুক দাবি করে আসছেন। গত বছরের শেষের দিকে মেয়ের সুখের কথা ভেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিছু দিন ধরে আবার জামাতা রবিউল তার এক লাখ টাকা যৌতুক দাবি করে মেয়ে হুমায়রা জান্নাতকে যৌতুকের জন্য নির্যাতন শুরু করেছে।

এরই সূত্র ধরে শনিবার সকালে জামাতা রবিউল ইসলাম, শ্বশুর লাল মোহাম্মদ ও শাশুড়ি পারুল গৃহবধূ হুমায়রা জান্নাতের হাত-পা বেঁধে লাঠি দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করেন।

খবর পেয়ে এনামুল হক নওগাঁ থেকে রাজশাহী গিয়ে তার মেয়েকে উদ্ধার করেন। পরে রাতে তাকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

এ ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান এনামুল হক।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ