বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি ১৬ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার (২১ ডিসেম্বর) পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
সংগঠনের বিভাগীয় সভাপতি আখতার হোসেন বাদল স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার জানানো হয়, রংপুর বিভাগের ৮ জেলায় ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী পরিবহন ধর্মঘট পালন করা হবে।
সংগঠনের পক্ষ থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কাছে ১৬ দফা দাবি বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়েছে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-দিনাজপুর জেলার আওতাধীন হিলি স্থলবন্দরে বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সব কার্যক্রম বন্ধ ও হিলি স্থলবন্দরের সকল প্রকার অবৈধ সাইনবোর্ড অপসারণ, রংপুর বিভাগের ৮ জেলায় মহাসড়কে টিআই, ট্রাফিক এবং থানা পুলিশের যানবাহনের কাজগপত্র যাচাইয়ের নামে চাঁদাবাজি বন্ধ, সংগঠনের সাধারণ সম্পাক আব্দুর মজিদসহ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচার বিভাগীয় তদন্ত করে নিষ্পত্তি, কারাগারে আটক ৮ নেতাকর্মীর মুক্তি ও সম্প্রতি আব্দুল মজিদের ওপর হামলাকারীদের গ্রেফতার, এএসপি মর্যাদার কর্মকর্তা ছাড়া যানবাহনের কাগজপত্র যাচাই না করা, রংপুরে শ্রম দফতর অফিস ও শ্রম আদালত বাস্তবায়ন, মহাসড়কে নসিমন, ইজিবাইকসহ সকল প্রকার থ্রি-হুইলার বন্ধ, সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান-বেতন ভাতা বৃদ্ধিসহ ১৬ দফা দাবি জাননো হয়।
তাদের দাবি মানা না হলে তারা লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেবেন বলেও হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, বিজয় দিবসের অনুষ্ঠান শেষ হলে তিনি বিষয়টি নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে করণীয় ঠিক করবেন।
ছাদেকুল/এমবি





