ফেব্রুয়ারি মাসে ৯২ কোটি ৬৭ লাখ টাকার চোরাচালানের পণ্য ও মাদকদ্রব্য আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিপুল পরিমাণ মাদকদ্রব্যও এই সময় ধ্বংস করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, বিজিবি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৯২ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।

এই মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬,১৮,০৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ দশমিক ১৫৮ বোতল ফেনসিডিল, ১ হাজার ৪৬৪ কেজি গাঁজা, ৭৯০ বোতল বিদেশি মদ, ৮২,৮৫৯ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ১৬,৪২৪ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৮,৯৫,০৭৫ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।

এছাড়া আটক অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে ১০,০৩৯ টি শাড়ি, ২,৭৭৭ টি থ্রিপিস, শার্টপিস, ৪১,৩১৬ মিটার থান কাপড়, ২,১৪২ টি তৈরি পোশাক, ৯,১৯৮ সিএফটি কাঠ এবং ১৪৮ কেজি ওজনের ১টি কষ্টি পাথর ।

ফেব্রুয়ারি মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৮৪ রাউন্ড গুলি, ০৪টি ম্যাগাজিন এবং ৯ কেজি ৯০০ গ্রাম গান পাউডার। মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৫৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৯৪ জন মিয়ানমারের নাগরিকের অবৈধ অনুপ্রবেশ রোধের চেষ্টা করা হয়েছে।
এমই