বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নগরায়নের ফলে প্রতি বছর ১ ভাগ করে কৃষি জমি কমছে। নগরায়ন-শিল্পায়নের ফলে ক্রমাগত বাংলাদেশের কৃষকরা জমি হারা হচ্ছেন। অথচ বাংলাদেশে প্রান্তিক কৃষকের সংখ্যা বেশি এবং তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শুক্রবার সিরডাপ অডিটোরিয়ামে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ‘এগ্রারিয়েন স্ট্রাটিজিকেল ফর ওভারকামিং স্মল ফার্মাস’ শীর্ষক মত বিনিময় সভা ও কর্মশালার তিনি এ কথা বলেন।

কৃষকদের রক্ষা করতে হলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, এ সমস্যা থেকে উত্তরণ করতে হলে নীতি-নির্ধারক তো বটেই, সকলকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।

কৃষিমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, মূলত সমস্যা হচ্ছে কৃষকদের সংগঠনের অভাব। তারা মানববন্ধন ছাড়া আর কোনো আন্দোলন করতে পারেন না। যেভাবেই হোক তাদের ক্ষতি থেকে বাঁচাতে হবে।

তিনি বলেন, জলাবদ্ধতা, পানির অভাবও কৃষকের জন্য বড় ধরনের সমস্যা। এছাড়াও পুঁজি সরবরাহ, ব্যাংক ঋণ কোনো সুবিধাই কৃষকরা পাচ্ছেন না। ওষুধের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হলেও ওষুধ কিনতে গিয়ে তাদের কষ্ট হয়ে যায়, কারণ দাম বেশি।

সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মেঘনা ঘাটাকুর্তা, প্রজেক্ট কো-অর্ডিনেটর সুরাইয়া বেগম, দিল্লির ফোকাস অন গ্লোবাল সাউথের কো-অর্ডিনেটর আফসার জাফরি প্রমুখ।

এমএ/ এআর