নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫২০ পিছ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

বন্দর উপজেলার আদমপুর এলাকা থেকে ৭০০ পিছ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অভিযানে গ্রেফতার হয় বন্দরের আদমপুর এলাকার জামানের স্ত্রী ফাতেমা ওরফে আয়েশা এবং ভাতিজা শাকিল।

অপরদিকে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকা থেকে ৫০০ পিছ ইয়াবাসহ সায়েদুর রহমান মুন্নাকে (২৫) গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ সার্কেল। শনিবার সকালে অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত মুন্না চিহ্নিত ডাকাত আবুলের ভাই। অভিযানকালে তার সঙ্গে ৪০০ পিছ ও বাসার ফ্রিজ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে ২০ পিছ ইয়াবা ও ২ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শাকিল, আলমগীর ও রনি। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রনো মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকা থেকে ৩০০ পিছ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকালে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত মর্জিনা দক্ষিণ সানারপারের নূরুল আমিনের স্ত্রী।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ