জনস্বার্থে দুর্নীতি অনুসন্ধান নামের একটি ভুয়া সংগঠনের দুই কর্মকর্তাকে পিরোজপুর থেকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হল- পিরোজপুর সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খানের ছেলে খান আল কাওছার (৪২) এবং কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে মো. মাসুদ উদ্দিন বাদল (৪৮)।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবু পারভেজের নেতৃত্বে একটি দল তাদের আটক করে।

বৃহস্পতিবার রাতে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) মোল্লা আজাদ হোসেন জানান, জনস্বার্থে দুর্নীতি অনুসন্ধান নামের রেজিস্ট্রেশনবিহীন একটি সংগঠনের মাধ্যমে প্রতারক চক্র বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিত কয়েক যুবক পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশ কাওছারকে শহরের গণপূর্ত অফিসের সামনে থেকে এবং মাসুদকে সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট থেকে আটক করে।

মোল্লা আজাদ আরো জানান, বিভিন্ন অফিসে গিয়ে কর্মকর্তাদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারক চক্রটি মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

কেএইচ