পাচার করার সময় ট্রাক্টরচালিত দুটি ট্রাকে বোঝাই ১৪৭ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে র‌্যাব। এসময় একজনকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবগঞ্জ সড়কের আমতলী ও পীরগঞ্জ রোডের সেতুর ওপর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা জানান, স্থানীয় পুটিজানা ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়।

প্রথমে শিবগঞ্জ সড়কের আমতলী এলাকা থেকে চালবোঝাই একটি ট্রাক ও একজনকে আটক করা হয়। একই সময়ে পীরগঞ্জ রোডের সেতুর ওপর আরেকটি ট্রাক আটক করে এলাকাবাসী।

দুটি ট্রাক থেকে ১৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও র‌্যাব-১৪-এর একটি দল ট্রাক দুটি থানায় নিয়ে যায়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজীব জানান, এ ঘটনায় পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েলসহ ১০/১২ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

এআর