বগি লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রেলওয়ের শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় এ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, এর আগে সকাল সাড়ে ৬টায় হবিগঞ্জের রশিদপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি জানান, মৌলভীবাজারের কুলাউড়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ সম্পন্ন করে।
এএইচ





