করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকা দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয়।
এই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় অনলাইনে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (চলতি দায়িত্ব) ড. ফেরদৌস জামান।
এর আগে গত ২৬ আগস্ট করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত টেকনিক্যাল কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের টিকা দেয়াসহ কিছু শর্ত পূরণ সাপেক্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৫ অক্টোবরের পর থেকে নিজ নিজ সিদ্ধান্তে খুলতে পারবে। তখন আরো আলোচনা হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকা দেয়ার কাজটি শেষ করে ১৫ দিন অপেক্ষা করা হবে।
এমবি





