কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার মোট ৯৫টিভোট কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে এর মধ্যে ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে স্থানীয় প্রশাসন।
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো.কামরুল হাসানজানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকরছেন।
এ নির্বাচনে ৯৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ২ শত ৪৯ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৮ শত ৫ জন। ৯৫ টি কেন্দ্রের ৬৫৩ টি বুথে এ নিবার্চন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত কুমিল্লা ১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়ার ছেলে মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ও বিএনপি’র সমর্থিত প্রার্থী মোঃ আবুল হাসেমের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় সূত্র জানায়।
বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও এজেন্ট-ভোটারদের উপর হামলা এবং হুমকি প্রদানের ফলে ভোটাররা ভোট প্রদানে শঙ্কিত রয়েছেন।
বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসেম অভিযোগ করেন, আ’লীগের চেয়ারম্যান প্রার্থী মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের সমর্থক যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন।
আমার সমর্থকদের মারধর করছেন। এতে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। নিরাপদে জনগণ ভোট দিতে পারবে কিনা শংকায় রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা চিন্তিত। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সমর্থিত ৩টি পদেই আমরা বিপুল ভোটে জয়লাভ করব।
দাউদকান্দি উপজেলা রির্টানিং অফিসার বিভোর কুমার বিশ্বাস জানান, সুষ্ঠু ভোট গ্রহণ ও যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব। পাশাপাশি রয়েছে ব্যাপক গোয়েন্দা সংস্থার লোকজন। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য গত বৃহস্পতিবার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এআর





