রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

আটককৃতের নাম মোঃ সোহেল (২৫) তাকে সোমবার দুপুরে আটক করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মৃত হাবিবুর রহমানের ছেলে।

বর্তমানে সে মোহাম্মদপুর থানা মকবুল হোসেন রোড নয়ন টেইলার্স এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মারুফ আহমেদ। তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শেরেবাংলা রোড কাটাসুর মোহাম্মদপুর জনৈক ওয়াহিদুল হক জেনারেল ষ্টোরের সামনে অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে, সংবাদ পাওয়া মাত্রই র‌্যাবের একটি টীম ঘটনাস্থলে পৌছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মোঃ সোহেল (২৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর কাছে থাকা অস্ত্রের কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেফতারকৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি একজন সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রীয় সদস্য। দীর্ঘদিন যাবৎ রাজধানীর মোহাম্মদপুর, কাওরান বাজার, র্ফামগেট এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

শিল্পপতি ব্যবসায়ী চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেনীর লোকজনদের অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী ছিনতাই খুন ডাকাতি সন্ত্রাসী কার্যক্রম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তার প্রধান পেশা।

২০০৮ সালে ছিনতাই করার সময়ে হাতেনাতে গ্রেফতার হয়ে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় অভিযোগ প্রমানিত হওয়ায় সে ৩ বছর কারা ভোগ করে। কারাদন্ড শেষ হওয়ার পর সে পুনরায় অপরাধ চক্রকে সক্রিয় করার চেষ্টা করে।

র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

জেইউ/এসএইচ