গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় কয়েকটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (রোববার) সকাল সোয়া ৭টার দিকে এই আগুন লাগে। এ নিয়ে এই মাসে তৃতীয়বারের মতো কোনাবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী নতুন বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সেলিম হোসেন, আবদুস সালাম খান’সহ কয়েকজনের সাত থেকে আটটি ঝুট (তৈরি পোশাক কারখানার পরিত্যক্ত মালামাল) গুদাম রয়েছে।
আজ সকাল সোয়া ৭ টার দিকে আবদুস সালাম খানের গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায় জানান জাকির হোসেন।
সকাল সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, গুদামের শ্রমিকদের বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
আবদুস সালাম খান বলেন, তাঁর গুদামে ৭০ লাখ টাকা ঝুট মাল ছিল। সব মিলিয়ে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।
গত ১ ও ২ ফেব্রুয়ারি কোনাবাড়ী এলাকায় একইভাবে ঝুট গোদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল।
এমবি





