কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি ট্রাকের চাপায় অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম লাভলু (২৫)। তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামে।

নিহত ব্যক্তির স্বজন জামাল উদ্দিনের ভাষ্য, ট্রাক চালিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন লাভলু। কদমতলা এলাকায় ট্রাকের চাকা বিকল হয়। চাকা ঠিক করার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) রবিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। লাশের ময়নাতদন্ত হবে কি না, সে বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কেএইচ