শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতালকারীরা ‘অমানুষ’। এরা ১৯৭১ সালের সময়ও বাংলাদেশের ক্ষতি করেছে, মা-বোনের ইজ্জত নিয়েছে। এখন নতুন প্রজন্মকে ধবংস করতে চাচ্ছে।এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এর আগে শিক্ষামন্ত্রী মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান।
পরীক্ষা পেছানো সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা পেছানো হয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের ছেলে মেয়েরা খুশি মন নিয়ে পরীক্ষা দিচ্ছে। প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন।গতবছর থেকে ১ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। প্রতিবছরই এই সংখ্যা বেড়ে চলেছে।
ছেলে মেয়েরা আরো আত্মবিশ্বাসী হচ্ছে। তবে ছেলে মেয়েদের শুধু জ্ঞান দিলেই হবে না তাদের বিশ্বমানের জ্ঞান দিতে হবে।
শিক্ষায় মেয়েদের অগ্রগতি প্রসঙ্গে নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় সংখ্যার দিক দিয়ে মেয়েরা ছেলেদের ছাড়িয়ে গেছে। আগামী ৬-৭ বছর পরে উচ্চশিক্ষায় ছেলে ও মেয়েদের সংখ্যা সমান হয়ে যবে।
হরতালকারীদের প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আদালত ও উচ্চ আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। অথচ এর বিরুদ্ধে তারা হরতাল দিচ্ছে এটা অন্যায়। তাদের হরতাল কেউ মানছে না, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।
হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতীতেও একইভাবে সঙ্কটের মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে।এবারও সেই একই হরতাল। আপনারা হরতাল প্রত্যাহার করুণ।নতুন প্রজন্মের জীবন নিয়ে খেলার অধিকার আপনাদের নেই।
এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ।
কেএইচ





