গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

জেলার ১৯টি গ্রামে ১৫ দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বুধবার বিকালে বিপন্ন দুই হাজার পরিবার এ বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, আবু তাহের, গোলাম রাব্বানী, হাবিবুর রহমান, মাহাবুবুর রহমান, শরিফুল ইসলাম, পলাশ আহম্মেদ, মর্শিদুর রহমান, আব্দুল মালেক, হামিদুর রহমান, জিন্নু মিয়া প্রমুখ।

এলাকাবাসী তাদের বক্তব্যে উল্লেখ করেন, দু'টি ট্রান্সফরমার বিকল হওয়ার পর নতুন ট্রান্সফরমার বাবদ বিদ্যুৎ বিতরণ বিভাগ তিন লক্ষ টাকা দাবি করে। এ বাবদ গ্রামবাসী ১ লক্ষ ৪০ হাজার টাকা পরিশোধ করা সত্ত্বেও তাদের এখনও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি।

জানা গেছে, জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরহাটে ২টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় গত ১৭ ফেব্রয়ারি থেকে একটানা ১৫ দিন যাবত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। ফলে বেতকাপা ও সাহাপাড়া ইউনিয়নের বলরামপুর, বৌলেরপাড়া, রাজনগর, হরিপুর, বেতকাপা, মুরারীপুর, মোস্তফাপুর, সাতারপাড়া, হাসনেরপাড়া, চকচকা, শিবপুর, ভাজনেরখামার, সাতানি সাদেকপুর, নয়ানী সাদেকপুর, বড় বৌলেরপাড়া, ভবানীপুর, খামার পীরগাছা, সাহাপাড়া, দুর্গাপুর ও মাঠেরহাট গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

কেএইচ