রাজধানীর ধানমন্ডিতে গণপিটুনির শিকার হয়ে এক ছিনতাইকারী মারা গেছেন। তার সঙ্গে থাকা আরেক ছিনতাইকারী পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও একই ঘটনায় ছিনতাইকারী চক্রের আরেক সদস্য আটক হয়েছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে পল্টন মোড়ে একটি প্রাইভেটকার যোগে ছিনতাইয়ের ওই তিন ছিনতাইকারীকে ধাওয়া দেয় পুলিশের সদস্যরা।

এক পর্যায়ে ধানমন্ডির ৩ নম্বর সড়কের মাথায় তাদের গাড়িটি আটক করা হয়। এ সময় স্থানীয়রা গণধোলাই দিয়ে একজনকে গুরুতর আহত করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে অজ্ঞাতনামা ওই ছিনতাইকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলেও জানান এসআই মমিনুর।

তিনি আরও জানান, গাড়িটি আটকের পর ‌পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন হজরত নামে আরেক ছিনতাইকারী।

একই চক্রের বাশার নামে অন্য একজন শাহবাগ থানায় আটক রয়েছেন বলে জানান তিনি। আটক গাড়িটির ভেতর থেকে ছিনতাইকৃত চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ, ধারালো ছুরি ও চাপাতি পাওয়া গেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

এমএনজে