রাজশাহীতে বাস-মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তাৎক্ষণিকভাবে ১১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর রাজশাহীর কাঁটাখালিতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এসময় বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ওই মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছেন। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আব্দুর রশিদ জানান, সংঘর্ষে মাইক্রোবাসে বিস্ফোরণ ঘটে। গাড়িতে ১৩ যাত্রী ছিল। এদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার তাদের মৃত্যু হয়। বাকি ৭ জনের খবর এখনো জানানো যাচ্ছে না।
তবে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিয়ার রহমান জানান, এই দুর্ঘটনায় ১১ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এমবি





