সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর ও সাড়ে ১১টার দিকে বেলকুচি উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের ওজন স্টেশনের কাছে পৌঁছে চাকা পাংচার হয়ে যায়। চাকাটি সংস্কার করার জন্য খুলে নিয়ে জগ দিয়ে ট্রাকটি উচু করে রেখে ট্রাকের নিচে কাজ করছিলেন হেলপার। এ সময় হঠাৎ জগটি সরে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা পার হতে গিয়ে বেলকুচি উপজেলার চালা গ্রামের আ. জলিলের ছেলে আ. হান্নান (১৪) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি এটি এম আমিনুল ইসলাম ও বেলকুচি থানার ওসি আ. হাই সরকার বিষয়টি বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ