মহাসড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে লালমনিরহাট মোটর মালিক সমিতিসহ শ্রমিক সংগঠনগুলো। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট সন্ধ্যা ৬ টার দিকে প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটের কারনে সারা দিন লালমনিরহাট জেলা বাসটার্মিনাল থেকে আন্ত:জেলা বা রাজধানী ঢাকাগামি কোন বাস ছেড়ে যায়নি।
লালমনিরহাট মোটর মালিক সমিতির কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বলেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার নামুড়ি থেকে কাকিনা বাজার পর্যন্ত কয়েক কিঃ মিঃ রাস্তায় গাড়ি চালানোর অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত ওই স্থানে শত শত ট্রাক আটকে থাকে। বিকল হচ্ছে অনেক যানবাহন। ঝুকিপূর্ণ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ওই সড়কের সংস্কার কাজ শুরু হলেও তা চলছে ধীরগতিতে। ফলে ঝুকিপুর্ণ সড়কে যানবাহন চালাতে অস্বীকৃতি জানাচ্ছে চালক, মালিক ও শ্রমিকরা।
ওই মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার সকাল থেকে লালমনিরহাট জেলায় অনিদিষ্ট কালের পরিবহন ধর্মঘট পালন শুরু করেন। খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান শুক্রবার বিকালে মোটর শ্রমিক ও মালিক নেতাদের নিয়ে ওই মহাসড়ক পরিদর্শন করেন। পরে ৪৮ ঘন্টার মধ্যে সড়ক মেরামতের আশ্বাস দিলে মোটর মালিক ও শ্রমিক সংগঠন গুলো তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান বলেন, সড়ক ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। তারা ৪৮ ঘন্টার মধ্যে সড়ক মেরামতের আশ্বাস দিয়েছে।
সরকার/জেড





